র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীতে অপহরণ ও ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, ফেনী জেলার ফেনী সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মামলা নং- নারী ও শিশু-১৮৫/২০১২-এর এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। উক্ত মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৭ ধারায় তাকে অপহরণ ও ধর্ষণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সাজাপ্রাপ্ত ওই পলাতক আসামি ফেনী সদর থানাধীন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন উত্তর চারিপুর এলাকার মৌলভী বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পি (২৭), পিতা- আব্দুল হক মোয়াজ্জিন, সাং- উত্তর চারিপুর, থানা- ফেনী সদর, জেলা- ফেনীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।

এসটিভি২৪ নিউজ 

















