
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পানাপাড়া হাড্ডি কোম্পানির মোড় সংলগ্ন জাস এনিমেটরি স্কুলের পাশে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দল, ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে গ্যারেজ মালিক, গাড়ির মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) আসরের নামাজের পর অনুষ্ঠিত এ সভায় ব্যাটারি চালিত থ্রি হুইলার খাতের বিভিন্ন সমস্যা, শ্রমিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা, সংগঠন শক্তিশালীকরণ এবং মালিক-শ্রমিকের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শ্রমিকনেতা এম এ নাজিম উদ্দিন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। ব্যাটারি চালিত থ্রি হুইলার চালক, গ্যারেজ মালিক ও গাড়ির মালিকরা নগর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় বৈষম্য, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। মালিক ও শ্রমিক পরস্পরের প্রতিপক্ষ নয়; বরং একে অপরের সহযোগী। উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় থাকলে এই খাত আরও সুসংগঠিত হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাফেজ, পাঁচলাইশ থানা জেলা নির্মাণ শ্রমিক দলের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, আলকরণ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান এবং চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আব্দুল গফুর বাবুল।
বক্তারা বলেন, ব্যাটারি চালিত থ্রি হুইলার খাতের সঙ্গে জড়িত হাজারো শ্রমিক ও তাদের পরিবার এই পেশার ওপর নির্ভরশীল। তাই শ্রমিকদের প্রতি হয়রানি বন্ধ, কর্মপরিবেশের উন্নয়ন, নিরাপদ কর্মসংস্থান এবং পেশাগত অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, সংগঠনের প্রতিটি সদস্যকে শৃঙ্খলা মেনে চলতে হবে এবং আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যাত্রীসেবার মান উন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি গ্যারেজ মালিক, গাড়ির মালিক ও শ্রমিকদের মধ্যে যেকোনো ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্য সংগ্রহ, শ্রমিকদের কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের সকল যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডবলমুরিং থানা কমিটির সভাপতি মো. জাফর খান-এর সভাপতিত্বে এবং শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গ্যারেজ মালিক, গাড়ির মালিক, চালক এবং বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
সভা শেষে সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: 


















