
প্রায় দুই বছর ধরে কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছিল চট্টগ্রাম মহানগর যুবদলে। অবশেষে সেই স্থবিরতা কাটিয়ে সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল সংগঠনটি। নতুন কমিটি গঠন না করে বিলুপ্ত করা আগের কমিটিই পুনর্বহালের অনুমতি দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীনস্থ সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি এবং মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর চার মাস পর ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়।
পরবর্তী সময়ে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ওই কমিটি স্থগিত করা হয়। এরপর প্রায় দুই বছর চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীনস্থ থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো কার্যত অভিভাবকহীন অবস্থায় ছিল।
কেন্দ্রীয় যুবদলের সর্বশেষ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের সেই সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের কার্যক্রম নতুন করে গতিশীল হওয়ার পথ তৈরি হয়েছে।

বিবি কুলসুম 


















