
ক্ষেতলালে কৃষি স্কিমের সফল বাস্তবায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষক-উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষক, উদ্যোক্তা সমাবেশ ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর , বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের যুগ্ম পরিচালক আরতাফ হোসেন, সোনালী ব্যাংক জয়পুরহাটের এজিএম মাহবুব আলম, রাকাব জয়পুরহাটের এজিএম গোলাম কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকাব গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক।
কর্মসূচিতে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন তফশিলী ব্যাংকের শতাধিক গ্রাহক, কৃষক ও উদ্যোক্তা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে।
কৃষক ও উদ্যোক্তারা যাতে এসব পুনঃঅর্থায়ন স্কিম ও তহবিলের সুবিধা যথাযথভাবে গ্রহণ করতে পারেন এবং অর্থ সঠিক ও সৎভাবে ব্যবহার করে কৃষি ও উদ্যোক্তা কার্যক্রমকে এগিয়ে নিতে পারেন এ বিষয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ব্যাংক, কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
















