
নিজস্ব প্রতিবেদক:
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস দেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আগামী শনিবার (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) দেশের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
তিনি জানান, বুধবার সকাল ৬টায় রাজশাহী জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি, পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় ১১ ডিগ্রি সেলসিয়াস।
মোস্তফা কামাল পলাশ আরও জানান, বুধবার সকাল ৬টার মধ্যে দেশের ৮টি বিভাগের মধ্যে অন্তত ৫টির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
আবহাওয়াবিদরা জানান, শৈত্যপ্রবাহের কারণে বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষ বেশি ভোগান্তিতে পড়তে পারে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।





















