
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল, যা রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে অংশ নেন তারেক রহমান। এ সময় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এম এ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)-এর ফিরোজ মুহাম্মদ লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এস এম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস এবং এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেলসহ অন্যান্য নেতারা।
বৈঠকে জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। অতীতে একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনে বিএনপির অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, এর অংশ হিসেবে আসন্ন নির্বাচনে জোটের কয়েকজন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তারা এ নিয়ে মনোক্ষুণ্ন নন বলেও জানান জোট নেতারা। পাশাপাশি তারা প্রত্যাশা করেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে জোট শরিকদের যথাযথ মূল্যায়ন করা হবে।
এ সময় তারেক রহমান বলেন, অতীতের মতো আসন্ন নির্বাচনেও সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি সরকার গঠন করলে যোগ্যতা ও অবদান অনুযায়ী জোট শরিকদের যথাযথ মূল্যায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এসটিভি২৪ নিউজ 

















