
জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জ উপজেলার শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি যান তিনি। উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বগুড়া থেকে সড়কপথে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দিতে রওনা দেন। পথিমধ্যে কয়েকটি পথসভায় বক্তব্য দেন।
কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানান, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এই সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যদের সান্তনা দেন। নিহত ছাত্রের বাবা ছেলে হত্যার বিচারের দাবি জানান।
এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সড়ক পথে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

স্টাফ রির্পোটার, এসটিভি২৪ নিউজ 


















