
তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজ অঙ্গনের সব ধরনের কাজ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে নওবা তাহিয়া লিখেছেন, “মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।” তিনি জানান, বর্তমানে তিনি নিজের দ্বীন, আত্মিক উন্নয়ন, শেখা এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মধ্যেই শান্তি খুঁজে পাচ্ছেন। পাশাপাশি পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টিকে তার কাছে সঠিক মনে হচ্ছে।
তিনি আরও বলেন, এখন থেকে তার নতুন কোনো কাজ প্রকাশ পাবে না—না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। তবে আগে করা কিছু কাজ সামনে মুক্তি পেতে পারে, যদিও সেগুলোর সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না। পোস্টের শেষাংশে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নওবা তাহিয়া হোসাইন ছোটবেলায় বিটিভির শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপক হিসেবে যাত্রা শুরু করেন এবং আবৃত্তিতেও অংশ নিতেন। পরবর্তীতে বড় হয়ে একই অনুষ্ঠানে উপস্থাপনা করার সুযোগ পান। তার শৈল্পিক উপস্থাপনা নজর কাড়লে বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ বর্ষা চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন। কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত ও সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন তিনি।
এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেন নওবা তাহিয়া। তবে ব্যক্তিগত ও আত্মিক জীবনে মনোযোগ দিতেই শোবিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই তরুণ তারকা।

বিনোদন ডেস্ক, এসটিভি২৪ নিউজ 


















