
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন। সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠান এবং বিকেলে বইমেলার উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। একই দিন সকালে রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন তিনি।
সরকারি সূত্র জানায়, অনুষ্ঠান দুটিকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
এবারের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ভাড়া মওকুফের ফলে ছোট ও মাঝারি প্রকাশনা সংস্থাগুলো বেশি সংখ্যায় অংশগ্রহণের সুযোগ পাবে, যা বইমেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

স্টাফ রির্পোটার, এসটিভি২৪ নিউজ 



















