
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পশ্চিম উচনা গ্রামে সাদ্দামের বাড়িতে অভিযান চালানো হয়। সীমান্তবর্তী এলাকা হওয়ায় অভিযানে বিজিবির সহযোগিতা নেওয়া হয়।
অভিযানকালে সাদ্দামের শয়নকক্ষের বিছানার তোষকের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে মাদকসহ তাকে আটক করা হয়। সাদ্দাম পশ্চিম উচনা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সাদ্দাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় স্পাই (গুপ্তচর) হিসেবেও কাজ করার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন বলে জানা গেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাদ্দাম হোসেনকে মাদক মামলায় থানায় হস্তান্তর করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মোঃ মাছুম মন্ডল, 













