
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা মোট ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও এর ওপর নির্মিত স্থাপনা জব্দের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি ও স্থাপনা অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা গেছে মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সত্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে–বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন।
এসব অর্থের মাধ্যমে তারা নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
এছাড়া অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা এসব স্বার্থসংশ্লিষ্ট সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা বেহাত করার চেষ্টা করছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধান নিষ্পত্তির আগেই যদি এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে যায়, তাহলে পরবর্তীতে আত্মসাৎ করা অর্থ উদ্ধার করা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে। এ কারণে জরুরি ভিত্তিতে এসব স্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
এমতাবস্থায় মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবারের সদস্যসহ স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও এর ওপর থাকা স্থাপনা জরুরি ভিত্তিতে অবরুদ্ধের আদেশ প্রদান প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।



















