
সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী
রেজিস্ট্রার্ড ও বৈধ সংগঠন বা তার সাথে সংশ্লিষ্টদের
অবমাননা আইন অমান্য করার সামিল
===============================
সাংবাদিক অধিকার আদায়ের সাহসী সংগঠন সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন ও সদস্যদের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার, বিকাল তিনটায় নগরীর মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত। সাংবাদিক উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ সমরখন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় সম্মলনের শুভ উদ্বোধন করেন ওমান প্রবাসী ব্যবসায়ী, রেমিট্যান্স যোদ্ধা ও গোল্ডেন ভিসা হোল্ডার রবিউল হোসেন সিআইপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বর্ষীয়ান সাংবাদিক ও খ্যাতনামা গবেষক জামাল উদ্দিন, সাংবাদিক পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক সোহেল মো. ফখরুদ-দীন, সাংবাদিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা শহীদুল ইসলাম, আবদুল মুমিন। এ সময় আরো বক্তব্য রাখেন সেকান্দর আলম, শামসুল আলম রানা, এম ইলিয়াছ সিকদার, আবদুল মালেক সুমন, এস ইউ এম ইলিয়াছ সিকদার, স ম জিয়াউর রহমান, জাহিদ হোসেন, রতন দে শাওন, মুজিবুর রহমান, সোহাগ হোসেন মোল্লা, আকতার হোসেন শাকিল। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত বলেন, সাংবাদিকরা জাতির তৃতীয় নয়ন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বায়ান্নের ভাষা আন্দোলন, পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক সকল আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের সাহসী পদচারণা ইতিহাস হয়ে আছে। তিনি সাংবাদিক উন্নয়ন পরিষদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, সংগঠনটি কোম্পানী আইনে রেজিস্ট্রার একটি বৈধ সংগঠন। একটি বৈধ সংগঠনের বা তার সাথে সংশ্লিষ্টদের অবমাননা করলে তা হবে আইন অমান্য করার সামিল। তিনি বলেন, এক দশক ধরে সাংবাদিকদের মানোন্নয়ন ও আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখে আসছে। প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক মো. কামাল উদ্দিন বলেন, সাংবাদিকদের মধ্যে কোনো শ্রেণিভেদ নেই, কিন্তু পরিতাপের বিষয়, দীর্ঘদিন ধরে সাংবাদিকদের শ্রেণিভেদ করে তাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সাংবাদিক উন্নয়ন পরিষদ সাংবাদিকদেরই পরিবার। এ সংগঠনে কোনো শ্রেণিভেদ নেই। আমরা একই ছাতার নিচের বাসিন্দা। সম্মেলনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত মো. কামাল উদ্দিনকে সভাপতি, সোহেল মো. ফখরুদ-দীনকে সহ-সভাপতি, এস ইউ এম ইলিয়াস সিকদারকে সহ-সভাপতি, স ম জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক, মুজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও আকতার হোসেন শাকিলকে অর্থ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করেন।


















