
নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তাকে অপসারণের দাবি জানিয়েছে। বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় দলটির একটি প্রতিনিধি দল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কুমিল্লার দেবিদ্বার আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসানাত আবদুল্লাহর সঙ্গে পুলিশ সুপার আনিসুজ্জামানের অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উত্থাপন করেছে জামায়াত। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে তাকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “আমরা স্পেসিফিক কোন তালিকা দেইনি,
তবে অনেক ডিসি ও এসপি পক্ষপাত করছে। তারা একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। এদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছি।”
তিনি আরও বলেন, “দ্বৈত নাগরিকত্বের বিষয়ে একেক জায়গায় একেক রকম সিদ্ধান্ত হচ্ছে। বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও আমাদের প্রার্থীর বাতিল হয়েছে। এ থেকেই বোঝা যায় রিটার্নিং কর্মকর্তারা দলীয় পক্ষপাত করছেন।”
ডা. তাহের অভিযোগ করেন, “নির্বাচনের সময় একজন প্রার্থীকে অতিরিক্ত প্রটোকল দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এছাড়া একটি দলের পক্ষ থেকে কৃষি ও ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি আচরণবিধির লঙ্ঘন।”
তিনি আরও জানান, “আমরা সিসিটিভি স্থাপনের কথা বলেছি। নির্বাচন কমিশন জানিয়েছে, ৯০ শতাংশ কেন্দ্রে এটি থাকবে। তবে আমরা মাঠ পর্যবেক্ষণ করে পরবর্তীতে সুনির্দিষ্ট তালিকা দেবো।”
এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



















