
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম নাইজেরিয়ার দুটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। চলতি বছরে দেশটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলা বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কোয়ারা রাজ্যের ওরো ও নুকু গ্রামে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারীরা গ্রাম দুটিতে নির্বিচারে গুলি চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
এলাকার সংসদ সদস্য মোহাম্মদ ওমর বিও জানিয়েছেন, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। তবে হামলাকারীদের পরিচয় বা হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হামলার পেছনে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

স্টাফ রির্পোটার, এসটিভি২৪ নিউজ 




















