
বড়পোলে চাঁদাবাজির বিরুদ
চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পোল এলাকায় ফুটপাতের ভাসমান দোকান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে রাব্বি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার রাতে চাঁদা আদায়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, রাব্বি বিভিন্ন ফুটপাতের দোকানদারের কাছ থেকে প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করতেন। এ সময় তিনি স্থানীয় বিএনপি নেতাদের নাম ব্যবহার এবং নিজেকে পুলিশের প্রতিনিধি পরিচয় দিয়ে টাকা আদায় করতেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বীর চট্টলা টিভির চেয়ারম্যান গিয়াস উদ্দিন সম্রাট বলেন, বড়পোল এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগেও রাব্বিকে আটক করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও সে চাদা আদায় অব্যাহত রাখে। বৃহস্পতিবার রাতে চাদা আদায়ের সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না।
এদিকে স্থানীয় বিএনপি নেতা জানে আলম বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি করতে পারবে না। বিএনপি এতটা সস্তা হয়ে যায়নি যে, দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে চলতে হবে।
স্থানীয়রা জানান, এর আগেও বড়পোল এলাকায় চাঁদাবাজির অভিযোগে মনজুরুল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েকদিন কারাভোগের পর তিনি জামিনে বেরিয়ে আসেন। এছাড়া বড়পোল এলাকায় চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আহসান উদ্দিন বলেন, চাদাবাজির অভিযোগে এলাকাবাসী একজনকে আটক করে আমাদের খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিবি কুলসুম 




















