
স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানি লেতিসিয়া গতকাল মঙ্গলবার দেশটির ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সপ্তাহান্তে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এ পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। গত রোববার গভীর রাতে মালাগা থেকে মাদ্রিদগামী রেল কোম্পানি ইরিও পরিচালিত একটি দ্রুতগতির ট্রেন দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের আদমুজ এলাকার কাছে লাইনচ্যুত হয়। একই সময়ে দক্ষিণাঞ্চলীয় শহর হুয়েলভা অভিমুখী আরেকটি ট্রেনের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর আরও একটি মরদেহ উদ্ধার হওয়ায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় ১২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।
দুর্ঘটনাস্থলে পৌঁছে রাজা ও রানি জরুরি সেবাকর্মীদের সঙ্গে করমর্দন করেন। সেখানে ৫০০ জনেরও বেশি যাত্রী বহনকারী দুইটি ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।
পরবর্তীতে রাজা-রানি নিকটবর্তী কর্ডোবা শহরের একটি হাসপাতালে যান, যেখানে দুর্ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজা ফিলিপ ষষ্ঠ ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করেন।
দুর্ঘটনায় পা ভেঙে যাওয়া পর্তুগিজ নাগরিক সান্তিয়াগো সালভাদোর বলেন, তিনি বেঁচে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।
এদিকে স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, দুর্ঘটনার আগে রেলের কোনো অংশ ভেঙে গিয়েছিল কিনা, নাকি সংঘর্ষের কারণেই তা ক্ষতিগ্রস্ত হয়েছে—সে বিষয়ে তদন্ত চলছে।

আন্তর্জাতিক ডেস্ক, এসটিভি২৪ নিউজ 























