
ক্ষমতা গ্রহণের পরপরই অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নতুন আদেশে বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজের এক প্রতিবেদনে পররাষ্ট্র দপ্তরের একটি স্মারকলিপি উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রে গিয়ে যারা সরকারি কল্যাণ ভাতা বা ‘পাবলিক চার্জ’-এর ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা রয়েছে—তাদের প্রবেশ ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমেরিকান জনগণের ট্যাক্সের অর্থের অপব্যবহার রোধে এসব দেশের অভিবাসন প্রক্রিয়া নতুন করে পুনর্মূল্যায়ন করা হবে।
ভিসা স্থগিত হওয়া ৭৫টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশসহ আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।
স্মারকলিপি অনুযায়ী, মার্কিন দূতাবাসগুলোকে বিদ্যমান আইন ও নীতিমালার আওতায় আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। কতদিন এই স্থগিতাদেশ কার্যকর থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে অভিবাসন প্রক্রিয়া সম্পূর্ণভাবে পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত এসব দেশ থেকে নতুন করে কাউকে ভিসা দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে উচ্চশিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা হাজারো মানুষ অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্টাফ রির্পোটার: 























